অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর দীর্ঘদিন জনসমক্ষে দেখা যায়নি তাঁর ছেলে সহজকে। বাবাকে হারানোর সেই কঠিন সময়ের পর অবশেষে ফের ক্যামেরার সামনে এল ছোট্ট সহজ। সম্প্রতি বাংলা ছবি ‘নধরের ভেলা’-র সাফল্য উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিল সে। কেক কাটার একটি ভিডিওও সামনে এসেছে, যেখানে সহজের সঙ্গে দেখা যায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ছেলে উপমন্যুকেও। স্বাভাবিক জীবনে ফেরার এই ছোট্ট মুহূর্ত ঘিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা।
চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘নধরের ভেলা’ ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের এই ছবির মূল চরিত্র ‘নধর’, যার ধীর স্বভাবের জন্য সমাজ তাকে অবহেলা করে। পরে এক ভ্রাম্যমাণ সার্কাসে যোগ দিয়ে সেই বৈশিষ্ট্যই হয়ে ওঠে তার পরিচয়। ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, শতাক্ষী নন্দী ও সায়ন ঘোষ। ছবির সাফল্য অনুষ্ঠানে সহজের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে।
গত ২৯ মার্চ তালসারি সমুদ্র সৈকতে ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সমুদ্রে শ্যুট চলাকালীন আচমকা ঢেউয়ের ধাক্কায় জলে তলিয়ে যান তিনি ও সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র। স্থানীয়দের সাহায্যে শ্বেতাকে দ্রুত উদ্ধার করা গেলেও রাহুলকে তুলতে দেরি হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই শ্যুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
রাহুল ও প্রিয়াঙ্কা সরকারের সম্পর্ক বহু বছরের। স্কুলজীবনের বন্ধুত্ব থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেম। পরে একসঙ্গে থাকা, বিয়ে এবং ছেলে সহজকে ঘিরে তৈরি হয়েছিল সংসার। যদিও জীবনের পথে নানা টানাপোড়েন এসেছে, কিছু সময় দূরত্বও তৈরি হয়েছিল দুজনের মধ্যে। তবে সন্তানের কথা ভেবে আবার কাছাকাছি এসেছিলেন তাঁরা। হঠাৎ এই দুর্ঘটনা তাঁদের জীবনে বড় শূন্যতা তৈরি করেছে।
আরও পড়ুনঃ ‘ভালো ছেলে ছেড়ে একটা বুড়োকে ধরেছে…!’ পৃথ্বীশের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে সৌমি! ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষ নেটিজেনদের!
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি ও সহজ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। ছেলেকে নিয়ে অতিরিক্ত প্রশ্ন না করে তাকে নিজের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছেন তিনি। ‘নধরের ভেলা’-র অনুষ্ঠানে সহজের হাসিমুখ দেখে অনেকেই মনে করছেন, কঠিন সময়ের মধ্যেও নতুন করে এগিয়ে চলার চেষ্টা শুরু করেছে ছোট্ট ছেলেটি।





